Showing posts with label রোজকার গল্প. Show all posts
Showing posts with label রোজকার গল্প. Show all posts

থেমে থেমে পথ চলা!

২৩ জানুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, রাত ১১ টা ৫১মিনিট
অনেক দিন হয়ে গেল অনলাইন ডাইরিতে কিছু লেখা হয় না। এর মধ্যে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘটে গেছে। সবচেয়ে দুঃখের বিষয়টি হল আমার মা- কে হারিয়েছি গত সেপ্টেম্বর মাসের ৬ তারিখে। মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। কত সহজে বলে ফেললাম তাই না? অথচ আমি জানি মা হারানোর কী ব্যাথা আমার অন্তরটাকে গ্রাস করেছিল।একে একে ৮ দিন তাঁর মৃত্যুশয্যার পাশে বসে দেখেছি তাঁর একটু একটু করে না ফেরার দেশে চলে যাওয়াকে।
 মা, তুমি যেখানে থাকো, ভাল থেকো। আমি জানি উপরওয়ালা তোমার সাথে অতি সদাচরণই করবেন। পুণ্যবতীদের দুনিয়াতেই চেনা যায়।


গাইনি ওয়ার্ড শেষ করে ফেলেছি। এর মধ্যে মেডিসিন ও শেষ। গত ১২ জানুয়ারি থেকে সার্জারী শুরু হয়েছে। প্রথম দিনেই অ্যাবসেণ্ট। আমি কী করব??? ফুড পয়জনিং এর জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ১০ তারিখে। সাথে ছিল প্রচণ্ড জ্বর। যা হোক এবেলায় আমি অনেকটাই সুস্থ। চলছে সার্জারী ওয়ার্ড-ওটি। থেমে থেমে॥ 

বাম্পার ঈদ ডিউটি রোস্টার!

২০ আগস্ট ২০১৩, মঙ্গলবার; রাত ৯ টা ৪৬ মিনিট
আজ মঙ্গলবার। অনেক দিন পর ডাইরীর পাতায় কিছু লিখতে বসেছি। রোজনামচা মোতাবেক আজ গাইনি ওয়ার্ডে অ্যাডমিশন মর্নিং ছিল। সকাল থেকেই রোগীর চাপ মোটামুটি পর্যায়ে ছিল। কিন্তু নানান দিকে ছোটাছুটি করতে গিয়ে একেবারে গলদঘর্ম হয়ে গিয়েছি।


রোজার ঈদ হয়েছে গত ৯ তারিখে। শুক্রবার। আগেরদিন বৃহষ্পতিবারও ছিল অ্যাডমিশন ডে। ৮-১১ তারিখ - এই চারদিনের তিন দিনই ছিল অ্যাডমিশন। ঈদের মধ্যে যারা ডিউটি করেছে তাদেরকে কিছু গিফট দেয়ার আয়োজন করেছে ওয়ার্ডের সিনিয়র আপুরা। আমি ঈদের আগের দিন বাড়ি গিয়েছিলাম এবং ফিরেছি ১২ তারিখে। যথারীতি ডিউটি করায়, ঈদ রোস্টারে আমার নাম না থাক সত্বেও আমাকেও গিফট দেয়া হল বিশেষ দায়িত্বশীলতার জন্য। feeling Inspired.

ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন ইন্টার্ন হোস্টেলের একটি রুম!

১৯ জুলাই ২০১৩ বিকাল ৩:০৪ মিনিট
০৯ রমজান

ঘটনা ঘটে গত কাল সন্ধ্যায়। অর্থাত্‍ ১৮ জুলাই ইফতারের পর পর। আমি তখন ইভেনিং ডিউটিতে, স্পেসিফিক বললে গাইনি ওটিতে। রাত আনুমানিক ৮ টা হবে সময়। একটা সিজারিয়ান সেকশন এ assist করছি। আমার মোবাইলে অনবরত কল এসেই যাচ্ছে। ধরতে পারছি না।

কাজ শেষ করে কল ব্যাক করলাম। রুমমেটের অস্থির কণ্ঠ। আরে আগুন লাগছে ৪০০৩ নম্বর রুমে। আমি থাকি ৪০০৭ এ। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এ যাত্রায়। আগুনে আসলেই অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। দুইটা ল্যাপটপ, একজনের সব বই পত্র পুড়ে গেছে। বিছানা পত্র সব পুড়ে ছাই। এত অল্প সময়ে অনেক ক্ষতি হয়ে গেল।

একটি নির্ঘুম রাতের শেষে!

১৯ জুলাই ২০১৩, সকাল ০৮:৫৭ মিনিট
০৯ রমজান

গত আড়াই বছর ধরে প্রায় নিয়মিত রাত জাগি। কতদিন যে সকালের সূর্য উঠতে দেখেছি তার ইয়ত্তা নাই। সকালের সূর্য দেখা কিন্তু যে সে কথা না। এটা দেখতে চাইলে ধৈর্য লাগে।

নাইট ডিউটি থেকে এসে নেট এ বসলাম। সারা রাত নেট চালানোর ইচ্ছা থাকলেও রাত পৌনে দুটোর দিকে চোখ দুটো বুজে এল প্রায়। ঝাঁপিয়ে পড়লাম বিছানায়। মাত্র ঘণ্টা খানেক ঘুমিয়েই উঠে পড়লাম। সেহরি করে নামায পড়ে ঘুমান আর হল না। বসে গেলাম নেট এ। ওয়েবসাইটের কাজ গুলো সেরে নিলাম। ডাইরি লিখলাম। ডাইরি লিখাটা কেমন যেন উপভোগ করতে শুরু করেছি। চালিয়ে যেতে চাই। লিখতে চাই প্রতিদিন। নাহ, আজকেই নেট এর কানেকশন বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে। বকেয়া বিল পরিশোধ করতে হয়, আমাকেও আজ করতে হবে।

আরও একটি ইভেনিং ডিউটি শেষে!

১৯ জুলাই ২০১৩, সকাল ৮:৩৮ মিনিট
০৯ রমজান
গতকাল ছিল বৃহষ্পতিবার। গাইনি ইউনিট-২ এর ভর্তির দিন। সকাল থেকেই নাকি খুব রোগীর চাপ। আমার ছিল সান্ধ্যকালীন ডিউটি। তড়িঘড়ি করে বেলা দুটো ত্রিশ মিনিটে রওয়ানা হলাম ওয়ার্ডের দিকে। ক্লাসে দেরিতে গেলেও ওয়ার্ডে লেট করেছি এমন নজির এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। পৌঁছাতে পৌঁছাতে পৌনে তিনটা।

ইভেনিং এ ছিল ইরানী আপুর ডিউটি। আপু লিখলাম যদিও, আমি সিনিয়র (সিএ/রেজিস্ট্রারদের) ম্যাডাম বলে ডাকতেই সাচ্ছ্যন্দ বোধ করি। ওটি তে ডাক পড়ল। ওই ধরা বাধা নিয়মে ওটির দায়িত্ব শেষ করতে করতে ইফতারের সময় হয়ে এল। তার আগেই ইরানী আপু ইফতার কিনতে পাঠালেন পাপন নামের এক সহকর্মী কে। ইফতারে অনেক খেলাম। ওটি শেষ করে আসতে আসতে দেখি রাত প্রায় ৯ টা বাজে। লেবার রুমে নতুন রোগী এসেছে একজন। আমি রিসিভ করতে চলে গেলাম। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম বাচ্চা হতে অনেক দেরি তখন। এই করতে করতে সাড়ে নয়টা বেজে গেল। রাতের শিফটের ডক্টর চলে এসেছে। আহ শান্তি।

হোস্টেলে ফিরে দেখি ক্যাডেট কলেজের সহপাঠী ফজলে রাব্বি আমার হোস্টেলের সামনে। ওকে রুমে নিয়ে আসলাম। গল্প গুজব করে আইসক্রিম খাইতে খাইতে ওকে বিদায় দিলাম। আরও একটা অর্ডিনারী দিন কেটে গেল। এভাবেই আয়ু কমছে প্রতিমূহুর্তে। ইশ! দিনগুলো যদি সব ভাল কাজে পার করতে পারতাম!


আগামী রোববার সেমিনার!! প্রেজেন্টেশন করতে হবে আমাকে??

১৮ জুলাই, সকাল ১১ টা ৫০ মিনিট
০৮ রমজান

গাইনি ওয়ার্ডে নিয়মিত সেমিনার হয় বিভিন্ন ক্লিনিকাল কেস এর উপরে। নতুন কোনও রোগী আসলে তার উপর সেমিনার করার জন্য হুমড়ি খেয়ে পরে সিএ রেজিস্ট্রার আপুরা। গত সেমিনার শেষে আমার নাম প্রস্তাব করা হল নেক্সট সেমিনার এর প্রেজেন্টার হিসেবে। প্রথমে ভেবেছিলাম Rupture Ectopic Pregnancy এর উপর একটা প্রেজেন্টেশন করি। কিন্তু রোগী তার সনো রিপোর্ট এবং অন্য অনেক কাগজই হারিয়ে ফেলেছে। তাই ওটার চিন্তা বাদ।

২৮ নম্বর ওয়ার্ডে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরেকটা কেস। টুইস্টেড ওভারিয়ান সিষ্ট। ইদানিং এটাও বেশ কমন একটা কেস। রোগীর নাম রাজিয়া। বয়স ১৪ বছর মাত্র। বেচারীকে এত অল্প বয়সেই একটা ডিম্বাশয় হারাতে হল। এই কেসটা দেখে আরেকটা কেসের কথা মনে পরে গেল।

৩৫ বছর বয়স্কা তাহেরা। এখনো বিয়ে হয় নি। ক্যারিয়ারের দিকে বিশেষ মনোযোগ দেয়ায় বোধ হয় বিয়ের পিড়িতে বসার ভাগ্য হয় নি। প্রচণ্ড পেট ব্যাথা নিয়ে সার্জারী ওয়ার্ডে ভর্তি হল। আল্ট্রাসনো রিপোর্টে বলা হল Rupture Ectopic Pregnancy!!! বিয়ে না হতেই pregnant?? চিন্তা করেন সামাজিক অবস্থান কোথায় যাবে এই পরিবারটির??

তাকে পাঠানো হল গাইনি ওয়ার্ডে। আমি ডিউটি ডাক্তার। রিসিভ করেই সন্দেহ হল সনো রিপোর্ট নিয়ে। Resuscitation এর ব্যবস্থা করে সিনিয়রকে কল করলাম। তিনি রিপিট সনো করাতে বললেন। কাগজ লিখে দিলাম । সোনোলজিস্টকে স্পেশাল রিকোয়েস্ট করলাম যেন অতি দ্রুত একটা সনো করে Ectopic Pregnancy exclude করেন। উপরে বড় করে UNMARRIED লিখে দিলাম। রিপোর্ট হাতে আসলে দেখলাম TWISTED OVARIAN CYST.

ওটিতে পেশেন্টকে নিয়ে গেলাম। নাহ, আপাতত অপারেশন না করলেও চলবে। রোগীটার স্পেশাল কেয়ার নিলাম। প্রায় সব drug ই নিজ হাতে পুশ করলাম।  দায়িত্ব থেকে পলায়ন নয়, দায়িত্ব পালনেই প্রকৃত সুখ। কথাটা সেদিন আরেকবার উপলব্ধি করলাম।

টানা ১৮ ঘণ্টা ডিউটির পরে!!

১৮ জুলাই ২০১৩, সকল ১১ টা ২০ মিনিট
০৮ রমজান

লিখছি যখন তখন ডিউটি শেষ করে বেশ রেস্ট নিয়ে ফেলেছি। গত পরশু অর্থাত্‍ ১৬ জুলাই  মঙ্গলবার একটা রিপ্লেস নাইট ডিউটি তে গেলাম। গাইনি ওটিতে ডাক পড়ল। তিনটা সিজারিয়ান। একটাতে assist করলাম। স্কিন এ স্টিচ দেয়ার অনুমতি পেলাম।

রাতে আবার একটা Rupture Ectopic Pregnancy কেস আসল। কিছুক্ষণ পরেই রক্তের যোগাড় করে পেশেন্ট কে ওটি টেবিলে তোলা হল। অপারেশন শেষ হতে হতে সেহরির সময় হয়ে আসল। আমি এর মধ্যে কয়েকটা নরমাল ডেলিভারি করে ফেলেছি ওয়ার্ডএ।

সেহরি করে আবার NVD রুম এ দৌড়। কয়েক জনের একসাথে প্রসব বেদনা উঠেছে। ডেলিভারি করলাম দুটো। একটার episiotomy repair করলাম। সকাল হতে না হতেই ম্যাডাম এসে রাউন্ড এর তাগাদা দিলেন। বের হলাম রাউন্ড এ।

দেখতে দেখতে রাতের ১২ ঘণ্টা ডিউটি শেষ হয়ে গেল। মর্নিং শুরু হল। নতুন ম্যাডাম আসলেন। আবার রাউন্ড। গাইনি ওয়ার্ডে খালি রাউন্ড আর রাউন্ড।

ইতিমধ্যে একটা twin বেবী ওয়ালা গর্ভবতী মা আসলো। দুটোরিই ব্রীচ প্রেজেন্টেশন। সিজার করাতে চায়। সাথে লাইগেশন। ম্যাডাম কে বললাম। ওটি লিস্টে নাম তুললাম। নাম তুলে যেই না অন্য ওয়ার্ডে রাউন্ড এ গেছি, ফিরে এসে দেখি রোগী লাপাত্তা। দালালের পাল্লায় পরে ক্লিনিকে চলে গেছে।

বারবার অবাক হই। মাগনা চিকিতসা ভাল লাগে না কিছু পেশেন্ট এর। এত বার করে রাউন্ড হয়, এত যত্ন করে রোগী দেখি। এত ধৈর্য ধরে তাদের বুঝাই, তারা আমাদের বুঝেনা। বোঝে না রে বোঝে না।

আজ আবার ইভেনিং ডিউটি। দুপুর আড়াইটা থেকে। রেডি হচ্ছি। হাজার হলেও অ্যাডমিশন ইভনিং। একটু চাপ যায় বৈকি!!